
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে পানি চলাচলকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে মো. ওবাইদুল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১২ জুলাই) বিকেলে দুধপুকুরিয়া ব্রিজঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পানি চলাচল নিয়ে ওবাইদুলের সঙ্গে তার চাচা ও চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় ওবাইদুলকে গাছের বাটাম দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
খবর পেয়ে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।